অন্যদৃষ্টি অনলাইন।।
ডাকসু’র নব নির্বাচিত ভিপি নুরুল হক নুরের বাবা বিএনপি সমর্থক। আর তার শ্বশুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বলে জানা গেছে।
ভিপি নির্বাচিত হওয়ার পর নুরুল হক নুরের জন্মস্থান পটুয়াখালীর গলাচিপায় চলছে নানা আলোচনা। তার বাবা মো. ইদ্রিস হাওলাদার মূলত একজন কৃষক। তবে বর্তমানে উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের একটি বাজারে চায়ের দোকান দিয়ে সংসার চালান তিনি।
তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে নুর দ্বিতীয়। চর বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয় থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে নুর ঢাকা চলে যান। পরে গাজীপুরের কালিয়াকৈর থেকে এসএসসি এবং উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য বিভাগে ভর্তি হন। মাঝখানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও ভর্তি হয়েছিলেন তিনি।
১৯৯১ সালে নুরের বাবা ৪নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়েছিলেন। ওই সময় তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানান স্থানীয়রা।
নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল শাখা ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানান নুরের বাবা ইদ্রিস হাওলাদার।
এদিকে নূরের শ্বশুর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাতেম আলী। গত তিন বছর আগে তার মেয়ে মরিয়ম আক্তারকে বিয়ে করেন নুর। নুরের স্ত্রী মরিয়ম স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত।
You must be logged in to post a comment.