বিএনপির নির্বাচনে আসার ঘোষণায় হঠাৎ বদলে গেল সচিবালয়

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১২ নভেম্বর, ২০১৮, ৮:৩৪ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

দুপুর বেলার সচিবালয়। হঠাৎ করে বেশ কয়েকজন আমলার মধ্যে ছড়িয়ে পড়লো ঈদের আনন্দ। যে কেউ ধারণা করবে, নিশ্চয়ই চাকরিতে পদন্নোতি কিংবা বেতন বৃদ্ধির মতো কোনো ব্যাপার ঘটেছে। কিন্তু না। খোঁজ নিয়ে জানা গেল, আমলাদের এই আনন্দের উৎস বিএনপির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা। রোববার দুপুরে পৃথকভাবে সংবাদ সম্মেলন করে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

যেহেতু এই দুটি জোটেরই মূল দল বিএনপি তাই এই ঘোষণার মধ্য দিয়ে অনেক জল্পনা-কল্পনার পর বিএনপির নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত হলো। আর বিএনপি নির্বাচনে অংশ নেবে জানাতেই বদলে গেল সচিবালয়ের পরিস্থিতিও। যারা এতদিন আওয়ামী লীগের ‘বিশ্বস্ত সৈনিক’ ছিল তাঁরা আনন্দের আতিশয্যে নিজেদের মুখোশ খুলে ফেললেন। নির্বাচনে অংশ নিলেই বিজয় লাভ নিশ্চিত নয়। কিন্তু অনেক আমলা একে অন্যের সঙ্গে কোলাকুলি করা ও একে অন্যকে মিষ্টিমুখ করানোর মাধ্যমে যেন সম্ভাব্য বিজয়ই উদযাপন করে ফেললেন। বিএনপির নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বহুদিনের পুরনো দাবি পূরণ করেনি সরকার। তবুও নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তকে বিএনপির ছোটখাটো একটি পরাজয় হিসেবেই বিবেচনা করা যায়।

অথচ সেসব নিয়ে এই আমলাদের কোনো মাথাব্যথা লক্ষ্য করা যায়নি। বিএনপির নির্বাচনে যাওয়ার ঘোষণাকেই বিজয় মনে করে বহু আমলা উল্লাসে ফেটে পড়েন। কারণ তাঁরা মনে করছেন, এই নির্বাচনে অন্যরকম ফলাফল হবে। কেউ কেউ সাহসে বুক ফুলিয়ে বলছেন, কোনো অবস্থাতেই নির্বাচনে কারচুপি করতে দেওয়া হবেনা। নির্বাচনকে কেন্দ্র করে সামনের দিনগুলোতে সচিবালয়ে কী পরিবর্তন হয় সেটাই এখন দেখার বিষয় বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ