স্টাফ রিপোর্টার।।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যের বই ছাপানোর কাজ ১৪ ডিসেম্বর শেষ হচ্ছে। এরপর প্রতিটি জেলা-উপজেলায় ১ জানুয়ারি বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বইগুলো তুলে দেয়া হবে। মঙ্গলবার (২ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৪৭তম বৈঠকে এ তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, আলী আজম এবং মোহাম্মদ ইলিয়াছ এমপি অংশ নেন।
বৈঠক শেষে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, এবার প্রাথমিকের জন্য ১১ কোটিরও বেশি বই ছাপানো হবে। এতে ব্যয় হবে ৩৬০ কোটি টাকা। আর বইগুলো ১৪ ডিসেম্বরের মধ্যে ছাপানো শেষ হবে। এরপর বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বইগুলো তুলে দেয়া হবে।
বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.