এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের নড়াগাতি থানার মূলখানা গ্রামে দুইপক্ষের সংঘর্ষে রায়হান ফকির রানা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১ টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া অন্তত ১৫জন আহত হয়েছেন। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। নিহত রানা মূলখানা গ্রামের ফায়েক ফকিরের ছেলে এবং বেসরকারি কোম্পানিতে চাকুরি করতেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নড়াগাতির থানার মূলখানা গ্রামের সবুর ফকির ও মান্নান শিকদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ-সংঘাত চলে আসছে। এর জের ধরে মঙ্গলবার দুপুরে মান্নান শিকদার গ্রুপের লোকজন প্রতিপক্ষের ওপর হামলা করে বলে অভিযোগ রয়েছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে রায়হান ফকির রানা, মশিয়ার চৌকিদার, চাঁন মিয়া, নাসির শেখ ও আরজ আলী ফকিরসহ অন্তত ১৫ জন গুরুতর জখম হন। গোপালগঞ্জ হাসপাতালে নেয়ার পথে রানা মারা যান। আহতরা গোপালগঞ্জ সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।
সহকারি পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রিপন চন্দ্র সরকার বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াগাতিতে ২ গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে।
You must be logged in to post a comment.