অন্যদৃষ্টি অনলাইন।।
নির্বাচনের আগে কোনও আইনের সংশোধনের সুযোগ নেই, তবে সরকার সচেতন থাকবে এর অপপ্রয়োগ রোধে, ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে এ কথা বলেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৩ অক্টোবর) সকালে, নিজ সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘তফসিল ঘোষণার পর নির্বাচনের আওতা পুরোপুরি নির্বাচন কমিশনের অধীনে। তাই কমিশনের আচরণবিধি অনুয়ায়ীই চলতে হবে।’
তিনি বলেন, ‘নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভার আকার সম্ভবত ঠিকই থাকবে। বরং, ছোট হলেও দুই একজন জন যোগ হতে পারে।’ এই দুই একজনের যোগ হওয়ার সম্ভাবনা প্রধান বিরোধী দল থেকে রয়েছে বলে জানান তিনি।
ব্যারিস্টার মইনুল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘অশোভন আচরণের পুনরাবৃত্তি রোধে গ্রেপ্তার হয়েছেন। জাতীয় ঐক্য ফ্রন্টকে স্বাগত জানিয়েছি। তার বিরুদ্ধে ব্যবস্থার সঙ্গে ঐক্যফ্রন্টের কোনো সম্পর্ক নেই।’
এদিকে, মহাজোট সম্প্রসারণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এমনিতেই তো তারকাদের মেলা বসেছে। জোট আর জোট। সিদ্ধান্ত নেয়া হবে বাস্তবতা বুঝে, মেরুকরণ দেখে।’
অন্যদিকে, বিএনপির তৎপরতা নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারা নিজেরাই নির্বাচনে আসবে। এটাতো তাদের অধিকার। আমরা কেনো দাওয়াত দিবো? তাছাড়া প্রচার প্রচারণার অধিকার নিশ্চিতে কোন বৈষম্য থাকবে না।’
এছাড়া নির্বাচন নিয়ে বিদেশীদের কাছ থেকে কোনও চাপ নেই, দেবার কোনও কারণ নেই বলেও জানান তিনি।
নির্বাচনের আগে মেগা প্রজেক্ট সম্পন্ন হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘মেগা প্রজেক্টগুলো অন্তত দৃশ্যমান হয়েছে। নির্ধারিত সময়ে শেষ হয়নি নানা কারণে। তাই বলে কাজতো থেমে নেই। এটা ব্যর্থতা নয়।’
নির্বাচনি ইশতেহারের কাজ শেষের দিকে। সব রকম কমিটি নিয়ে দলের যৌথসভায় আগামী ২৬শে অক্টোবর সব বিষয়েই সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।
You must be logged in to post a comment.