অন্যদৃষ্টি অনলাইন।।
সমাজ কল্যাণে দানবীর রণোদা প্রসাদ সাহার অবদানকে মনে রেখে সেবামূলক কাজে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টাঙ্গাইলের মির্জাপুরে রণোদা প্রসাদ কর্তৃক প্রতিষ্ঠিত কুমুদিনী কমপ্লেক্সে দানবীর রনোদা প্রসাদ সাহা স্বর্ণপদক হস্তান্তর এবং জেলায় ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহবান জানান
প্রধানমন্ত্রী বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে আজ (বৃহস্পতিবার) বেলা ১১টা ১৫ মিনিটে কুমুদিনী কমপ্লেক্স হেলিপ্যাডে পৌঁছেন। পরে তিনি কুমুদিনী কমপ্লেক্স থেকে ফলক উন্মোচনের মাধ্যমে ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর প্রধানমন্ত্রী কুমুদিনী কমপ্লেক্সে ‘দানবীর রনোদা প্রসাদ সাহা স্বর্ণ পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, সমাজে আনেক বিত্তশালী আছেন, তারাও যদি রনোদা প্রসাদের দৃষ্টান্ত অনুসরণ করেন তাহলে সমাজের অনেক উপকার হবে।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ৭ মে পাকবাহিনী নারায়ণগঞ্জের কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে দানবীর রণদা প্রসাদ সাহা ও তার একমাত্র পুত্র ভবানী প্রসাদ সাহাকে ধরে নিয়ে হত্যা করে লাশ গুম করে ফেলে। তাদের পরিবার আর কখনোই তাদের ফিরে পায়নি।
দানবীর রণদা প্রসাদ সাহা সম্পর্কে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘তিনি এক হাতে অর্থ উপার্জন করতেন, আরেক হাতে বিলিয়ে দিতেন। মেয়েদের শিক্ষায়, চিকিৎসায় তিনি অর্থদান করেছেন। মানুষকে মানুষের মতো বেঁচে থাকার সুযোগ করে দিয়েছেন। কুমুদিনী ট্রাস্ট্রের মাধ্যমে অনেক কল্যাণমূলক কাজ করা হচ্ছে।
এ সময় কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ৮৬ বছর পূর্তি উপলক্ষে বিশিষ্ট ৪ ব্যক্তিকে ‘দানবীর রনদা প্রসাদ সাহা স্বর্ণ পদক’ হস্তান্তর করেন প্রধানমন্ত্রী ।
বিশিষ্ট ব্যক্তিরা হলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম (মরণোত্তর), হোসেন শহীদ সোহরাওয়ার্দী (মরণোত্তর), নজরুল বিশেষজ্ঞ এবং গবেষক প্রফেসর রফিকুল ইসলাম এবং বিশিষ্ট চিত্রশিল্পী শাহাবুদ্দীন।
জাতীয় কবি কাজী নজরুলের পক্ষে তাঁর নাতনী খিল খিল কাজী স্বর্ণ পদক গ্রহণ করেন। আর শহীদ সোহরাওয়ার্দীর পক্ষে স্বর্ণ পদক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা। এরপর প্রধানমন্ত্রী তার সম্মানে আয়োজিত ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের বর্ণাঢ্য ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
You must be logged in to post a comment.