ঢাকা-১৭ আসনে প্রার্থী হতে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন ব্যারিস্টার নাজমুল হুদা

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১১ নভেম্বর, ২০১৮, ১২:৪২ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

সবুজ সংকেত পেয়েই ঢাকা-১৭ আসনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন বলে দাবি করেছেন সাবেক বিএনপি নেতা ও বিএনএ জোটের প্রধান ব্যারিস্টার নাজমুল হুদা। ঢাকা-১৭ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন না পেলে দোহার-নবাবগঞ্জ নিয়ে গঠিত ঢাকা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন বলেও জানান তিনি।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি–জামায়াত জোট সরকারের যোগাযোগমন্ত্রী ছিলেন ব্যারিস্টার নাজমুল হুদা। ২০১০ সালে বিএনপি থেকে বহিষ্কার করা হয় তাকে। তারপর খালেদা জিয়ার সাথে দেখা করে দলে ফিরলেও টিকতে পারেননি বেশি দিন। বেরিয়ে গড়ে তোলেন ‘তৃণমূল বিএনপি’সহ কয়েকটি দল।

এখন বিএনএ নামক একটি জোটে সক্রিয় থাকলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছেন ব্যারিস্টার নাজমুল হুদা।তিনি বলেন, ‘বঙ্গবধু যেভাবে দেশকে গড়ে তুলতে চেয়েছিলেন তাঁর যোগ্য কন্যা সেভাবেই দেশকে গড়ে তুলছেন। এই হাতকে আরও শক্তিশালী করে তুলতেই আমার মনোনয়ন নেয়া।’

দোহার-নবাবগঞ্জ থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হলেও এবার ঢাকা ১৭ আসন থেকে নৌকা প্রতীকে ভোটে লড়তে চান তিনি।

ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে কথা দিয়েছেন এই আসনে কাজ করার জন্য। আমার নির্বাচনী এলাকা হচ্ছে ঢাকা-১ দোহার-নবাবগঞ্জ আসন, আমার চাচা সালমান রহমানকে আমি প্রধানমন্ত্রীর সামনেই কথা দিয়েছি, উনাকে আমি ওই আসনে সমর্থন করবো। এই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী খুশি হয়ে আমাকে এই আসন থেকে কাজ করার জন্য বলেছেন।’

মহাজোটের শরীক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদও ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করতে চান। তাই এই আসনে মনোনয়ন না পেলে শেষ পর্যন্ত নিজ এলাকা দোহার-নবাবগঞ্জ থেকে নৌকার বিরুদ্ধে লড়ার কথাও ভেবে রেখেছেন ব্যারিস্টার হুদা।

তবে যেখানেই নির্বাচন করবেন জয়ের ব্যাপারে আশাবাদী আলোচিত এই রাজনীতিক।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ