সীমানা নির্ধারনী মামলায় আইনি জটিলতা কাটিয়ে দীর্ঘ ১১ বছর পর ভোট অনুষ্ঠিত হলো চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬নং তিতুদহ ইউনিয়নে।
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ শুকুর আলী নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সোমবার ০৭ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়।
উৎসবমুখর পরিবেশে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপচেপড়া ভীড় ছিল লক্ষনীয়। বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেন্দ্রগুলোতে ছিল দীর্ঘলাইন।
নির্বাচনে মোঃ শুকুর আলী নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৫শ ৫৭ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মিজানুর রহমান টিপু (স্বতন্ত্র) আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৩শ ৭৯ ভোট। আরও দুই প্রতিদ্বন্দ্বী মোঃ ফারুক হোসেন (স্বতন্ত্র) ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮৬ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আব্দর রাজ্জাক হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২শ ১৭ ভোট। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকাগুলোতে মোতায়েন ছিল পুলিশ, র্যাব, আনসার ও বিজিবি। এছাড়াও পুলিশের স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম। কোনো প্রকার বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গোয়েন্দা জরিপের মাধ্যমে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে নেয়া হয় বিশেষ ব্যবস্থা।
এ ইউনিয়নের মোট ভোটার ১৬ হাজার ৭৪ জন । এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১’শ ৬০ জন এবং মহিলা ভোটার ৭ হাজার ৯’শ ১৪ জন। শতকরা ৮৫ ভাগ ভোট পড়েছে আজকের নির্বাচনে। ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।