”ক্ষমতায় গেলে ৫ লাখ গ্রাজুয়েটের চাকরি দেয়া হবে”

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮, ১২:০৩ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

সম্প্রতি রাজধানীর গুলশানে এক আলোচনা সভা শেষে একটি পত্রিকার সঙ্গে একান্ত আলাপচারিতায় ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে যেসব উদ্যোগ নেবে তার বিস্তারিত তুলে ধরেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।। ডা. জাফরুল্লাহ বলেন, আমাদের জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে জয়ী হলে কে প্রধানমন্ত্রী হবেন সেটা জানি না। সেটা আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার বিষয়। তবে এটা বলতে পারি সুন্দর বাংলাদেশ হবে।

তিনি বলেন, আমরা বাস্তবমুখী কাজ করতে চাই। আজগুবি কথা বলতে চাই না। যেমন ধরুন, জাতীয় ঐক্যফ্রন্ট ক্ষমতায় আসলে তিন মাসের মধ্যে ওষুধের দাম অর্ধেক হয়ে যাবে। ডায়াগনসিস করতে এখন যত টাকা খরচ হয় তার চেয়ে অর্ধেক হয়ে যাবে। একটা কিডনির অপারেশন করতে দেড় থেকে ২ লাখ টাকায় হয়ে যাবে। বাংলাদেশের যেকোনো জায়গা থেকে অপারেশন করাতে পারবেন। ৫ লাখ গ্রাজুয়েটের চাকরি দিতে চাই আমরা। কারণ একজন কৃষকের ছেলে হাল চাষ করতে পারে। কিন্তু আরেকজন গ্রাজুয়েট তা করতে পারে না। তার জন্য আমরা সুযোগ সৃষ্টি করবো। ডা. জাফরুল্লাহ বলেন, নির্বাচনের জন্য আমাদের ইশতেহারের একটা ড্রাফট করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এটা চূড়ান্ত করা হবে। আমরা একটি জনকল্যাণকর শান্তির গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাচ্ছি। আমরা বিকেন্দ্রীকরণ করতে চাচ্ছি। এর মানে হলো, ঢাকা শহরে আর একটিও সরকারি নতুন ভবন তৈরি হবে না। নতুন ভবনের প্রয়োজন হলে অন্যান্য শহরে করতে হবে। দুর্নীতি কমাতে হলে ঢাকাকে আর বড় করা যাবে না। কৃষক-শ্রমিক-ছাত্রদের কর্মসংস্থান চাই।

ডা. জাফরুল্লাহ বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের খসড়া ইশতেহারে ৫টি দফা রয়েছে। এটা এখনো গৃহীত হয়নি। কিছুই হয়নি। তবে ইশতেহারের ফোকাস পয়েন্ট থাকবে কৃষক শ্রমিকের জীবন যাত্রার উন্নয়ন। গণতান্ত্রিক উপায়ে শান্তির বাংলাদেশ। যেখানে থাকুন না কেন, সমান সুযোগ পাবেন। সংসদ যা আছে, সেটা এখন থাকবে। তবে আমরা বিকেন্দ্রীকরণের কথা ভাবছি। হাজারটা দফা দেয়ার চেয়ে আমি ব্যক্তিগতভাবে বলবো, শেখ সাহেব ৬ দফা দিয়ে কাজ করেছে। আমরা ৫ দফা দিয়ে কাজ করবো। সম্ভাব্য দফাগুলো উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকের ন্যায্য পাওনা দেয়া হবে। স্বাস্থ্য খাতে জিনিসপত্রের দাম অর্ধেকের চেয়ে কমানো হবে। শিক্ষিত বেকারের চাকরি দেয়া হবে। ৫ লাখ গ্রাজুয়েটের চাকরি দেয়া হবে। আইন ও বিচার বিভাগের সংস্কার করা হবে। বয়বৃদ্ধদের সুযোগ বৃদ্ধি করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ