নিখোঁজের দু’দিন পর কুষ্টিয়ার কুমারখালীতে আবর্জনার স্তুপ থেকে রেশমা খাতুন নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামে নিজ বাড়ীর পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, ১ বছর আগে কুমারখালীর তেবাড়িয়া গ্রামের রেফাজের মেয়ে রেশমার সাথে হোগলাপাড়া গ্রামের ওহাবের ছেলে সুমনের বিয়ে হয়। সুমন মাদকাসক্ত থাকায় বিয়ের পর থেকে চলতে থাকে পারিবারিক কলহ। গত পরশু রাতে পারিবারিক কলহের পর থেকে রেশমা নিখোঁজ ছিল। শনিবার ভোরে বাড়ির পাশে দুর্গন্ধের উৎস খুঁজতে খড়ের আবর্জনা সরালে নিহত রেশমার লাশ দেখতে পাওয়া যায়। থানায় খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
রেশমার পরিবারের সদস্যদের দাবি মাদকাসক্ত স্বামী তাকে নির্যাতন করে হত্যার পর মৃতদেহ আবর্জনার স্তূপে চাপা দিয়ে রাখে।
এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, নিহতের স্বামী পলাতক রয়েছে তাকে ধরতে জোর চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
You must be logged in to post a comment.