এই দ্যাখো আমি হাল জমানার ছাত্র পড়ানো মাস্টার
সঞ্চিতা দেবনাথ
———————————————————————–
এই দ্যাখো আমি হাল জমানার ছাত্র পড়ানো মাস্টার
নতশিরে ক্লাশে ছাত্র পড়াই হাতে নিয়ে চক ডাস্টার।
শাসন, বারণ ভুলে গেছি আমি, বুকে বেড়ে গেছে ক্ষত
ছাত্রের কাছে, সমাজের কাছে নত হয়ে অবিরত।
বুঝেশুনে আমি ক্লাশে কথা বলি ভেবে ভেবে দিন রাত্র
গুনে গুনে করি শব্দ বাহির, সামনে রয়েছে ছাত্র।
ইংরেজি আর ইতিহাস ক্লাশে বুঝে শুনে পাতা উল্টাই
এদিক ওদিক হলে যে মগজে ঢুকবে ম্যাসেজ ভুল টাই।
বাংলা পড়াই নির্ভয়ে আমি, বিজ্ঞানে শুধু সংজ্ঞা,
যুক্তি দেখালে মুক্তি পাবো না, বইবে লোহিত গঙ্গা।
ছাত্র আমার ভীষণ আবেগী, অনুভুতি ভরা বক্ষ
পান থেকে চুন খসলেই তারা, মান, প্রাণ নিতে দক্ষ।
এমন বেহাল দশা করে দেবে, হদিস পাবে না লাশটার
বেওয়ারিশ হবো হাল জমানার ছাত্র পড়ানো মাস্টার।
You must be logged in to post a comment.