বিগত ১৫ বছরের আওয়ামী শাসনামলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ সংক্রান্ত যাবতীয় অনিয়ম দুর্নীতির তথ্য খুুঁজতে তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে তথ্যটি জানানো হয়।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান খানকে আহবায়ক এবং শরীর চর্চা ও শিক্ষা বিভাগের উপ-রেজিস্ট্রার মাছুদুল হক তালুকদারকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন-বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল বারী।
অফিস আদেশ সুত্রে, ২০০৯ সালের ৯ই মার্চ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ সংক্রান্ত অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দুর্নীতির পৃষ্টপোষকতাকারীদের চিহ্নিতকরণ সংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্য উপাচার্য এই তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে আগামী ৯০ কার্য দিবসের মধ্যে উপাচার্যের নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান বলেন, চিঠি হাতে পেয়েছি। আমরা তদন্ত কাজ শুরু করেছি। আর অনিয়মের তথ্য জমা দেওয়ার জন্য
একটি নোটিশ করা হয়েছে। কেউ যদি দুর্নীতির কোনো তথ্য দেওয়ার থাকে তার জন্য অনলাইন ও অফলাইনে জমা দেওয়ার আহ্বান থাকবে। সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
You must be logged in to post a comment.