অন্যদৃষ্টি অনলাইন ।।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী ওবায়দুল কাদের হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন। আইসিইউ’তে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার এনজিওগ্রাম করা হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।
রোববার (৩ মার্চ) সকাল পৌনে আটটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএসএমএমইউ’র কার্ডিয়াক বিভাগে ভর্তি করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার বলেন, ওনাকে আইসিইউতে রাখা হয়েছে। অভিজ্ঞ সব চিকিৎসকই তার পাশে আছেন। পরীক্ষা নিরীক্ষা চলছে। কী হয়েছে পড়েছে জানানো যাবে। আপাতত কিছু বলা যাচ্ছে না।
উল্লেখ্য, ওবায়দুল কাদের ১৯৯৬ সালের ১২ জুন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নোয়াখালী-৫ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২৩ জুন সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। একই দিনে যুব ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হন তিনি। তিনি ২০০১ সালের ১৫ জুলাই পর্যন্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।