আমেরিকার স্বেচ্ছাচারী ও আইন ভঙ্গকারী আচরণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিৎ: ইরান

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮, ৭:৫৯ পূর্বাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

ইরান বলেছে, বিশ্ব সমাজের উচিৎ আমেরিকার স্বেচ্ছাচারী ও আইন ভঙ্গকারী আচরণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি গোলামআলী খোশরু শুক্রবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গিয়ে এ আহ্বান জানান।

ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বেরিয়ে যাওয়া এবং এ সমঝোতায় অটল থাকা দেশগুলোকে ওয়াশিংটনের পক্ষ থেকে দেয়া হুমকির কথা স্মরণ করেন খোশরু। তিনি বলেন, জাতিসংঘের ইতিহাসে এ ধরনের ঘটনা নজিরবিহীন যে, নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্য দেশ এই পরিষদেরই প্রস্তাব মেনে চলার জন্য অন্য সদস্য দেশগুলোকে শাস্তি দেয়।

জাতিসংঘে নিযুক্ত ইরানের বিদায়ী রাষ্ট্রদূত এই সাক্ষাতে আইন লঙ্ঘন করে তার দেশের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে জাতিসংঘকে সুস্পষ্ট অবস্থান গ্রহণের আহ্বান জানান।
সাক্ষাতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই বিশ্ব সংস্থায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য ইরানি রাষ্ট্রদূতের প্রশংসা করেন। জাতিসংঘের সঙ্গে ইরানের সম্পর্ক ও সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন গুতেরেস।

সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ সংক্রান্ত ইরানের আইনে সংশোধনী আনায় গোলামআলী খোশরুর চাকরির মেয়াদ আজ (১৭ নভেম্বর) শেষ হচ্ছে। শিগগিরই তার পরিবর্তে নতুন কোনো কূটনীতিককে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়া হবে বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ