দায়িত্বে অবহেলার অভিযোগে কালীগঞ্জ থানার ওসি তদন্ত ও এসআই ক্লোজড

নিজস্ব প্রতিবেদক ।।
রবিবার, ১ মার্চ, ২০২৬, ৫:২১ পূর্বাহ্ন

দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জল হক ও সেকেন্ড অফিসার এসআই নাজমুল হোসেনকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয় থেকে তাদের বিরুদ্ধে এ আদেশ জারি করা হয়।

জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান শিশু তাবাসসুম হত্যা মামলার আসামি গ্রেপ্তারের পর সাংবাদিকদের নিয়ে ব্রিফিং করছিলেন। এ সময় কালীগঞ্জ থানার সামনে বিএনপির প্রার্থী রাশেদ খানের একটি সভা চলাকালে দলের কর্মীদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ব্যস্ততার মধ্যেই থানায় জব্দ থাকা কয়েকটি মোটরসাইকেল যথাযথ যাচাই ছাড়াই মালিকদের হাতে চলে যায় বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে ওসি (তদন্ত) মোফাজ্জল হক বলেন, ঘটনাস্থলে ও থানায় একযোগে একাধিক কার্যক্রম চলায় ব্যস্ততার কারণে কোন মোটরসাইকেল কার তা নিশ্চিত করা সম্ভব হয়নি। এ অবহেলার কারণেই তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে বলে তিনি জানান।
অপরদিকে এসআই নাজমুল হোসেন জানান, শুক্রবার সারাদিন শিশু তাবাসসুম হত্যা মামলার আসামি তাহেরকে নিয়ে আলামত উদ্ধারে অভিযানে ব্যস্ত ছিলেন তারা। রাতে তার ডিউটি না থাকলেও সিভিল পোশাকে থানার ভেতরে অবস্থান করার অভিযোগে তাকে ক্লোজড করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, ওসি (তদন্ত) ও সেকেন্ড অফিসারকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এটুকুই তিনি নিশ্চিত করতে পারেন। তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন তিনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ