জানালা খুলে দাও

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৮:৫৫ অপরাহ্ন

জানালা খুলে দাও

মোঃ নুরুজ্জামান

 

তেপান্তরের লু-হাওয়ার দাপটে

বালিয়াড়ির বাঁধের মত

ভেঙে পড়ে

ঝরে পড়া শীর্ণ পাতার স্তুপ।

জানালা খুলে দাও;

থামিয়ে দাও

বাড়ন্ত শত্রুতার বিষ বৃক্ষ।

জমাট কুহেলিকার আস্তিন

ভিজিয়ে দাও,

সুঘ্রাণ মাখা গোলাপ জলে।

হিংসার আগুনে কেউ পুড়তে চায়,

ঝলসে যায়,

পোড়া বেগুনের মত।

অর্থহীন কলোহের নিত্য কসরতে

দাঁতাল গণ্ডার,

শান্তির প্রতিপক্ষ প্রতিটা কৃষ্ণপক্ষ,

মিথ্যার নিপুণ আল্পনায়

ঘিরে ফেলে মায়াবী আলেয়া,

থরে থরে প্রতারণার গন্ধম বৃক্ষ।

দুহাত বাড়িয়ে আলিঙ্গন করো,

ধূলোর ঘুর্ণিঝড়

হিংসুকের কদর্য বাণী।

অন্তর জ্বালায় পুড়ে ছারখার,তবু

মাথা নোয়াবার নয়,

ইষ্টদেবতার খেপাটে বহ্নিশিখা।

বক্রপথের ইন্দ্রজাল ছিড়ে

সফেদ জাজিরায় ওড়াও

সাফারী কেতন।

হিংসায় পুড়ে যাওয়া হৃদপিণ্ডে

বয়ে যাক প্রশান্তির প্রলেপ,

ভালবাসার অন্তহীন গহীনে

সুখস্নাত হও, পাপ মোচনের

দুর্নিবার মোহে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ