রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির বিশেষ নজরদারি

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৫ মে, ২০২৬, ২:২২ অপরাহ্ন

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ও বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আসন্ন ঈদে কোরবানির পশুর হাট, বিভিন্ন বাস টার্মিনাল, ব্যাংক, ঈদের প্রধান জামাত এবং ছুটির সময়ে ফাঁকা ঢাকার সার্বিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার (২৫ মে) থেকে শুরু হওয়া ঈদের ছুটিকে কেন্দ্র করে ঢাকাবাসীর নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন জানিয়েছেন, রাজধানীর প্রতিটি পশুর হাটকে কেন্দ্র করে একটি শক্তিশালী নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। হাটগুলোতে দৃশ্যমান পুলিশ মোতায়েনের পাশাপাশি স্থাপন করা হয়েছে ওয়াচ টাওয়ার ও সাব-কন্ট্রোল রুম। ব্যবসায়ী ও ক্রেতাদের লেনদেন নিরাপদ করতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় প্রতিটি হাটে জালনোট শনাক্তকারী মেশিন স্থাপন করা হয়েছে। এছাড়া হাটের হাসিল কাউন্টারগুলোর নিরাপত্তা বৃদ্ধি এবং বুথ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ডিজিটাল লেনদেনের সুব্যবস্থা রাখা হয়েছে।

হাটের আশপাশে যেকোনো ধরনের অপরাধ ও প্রতারণা ঠেকাতে ডিবিসহ সাদা পোশাকের পুলিশের বিশেষ টিম ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। বড় অঙ্কের আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য চালু রাখা হয়েছে ডিএমপির ‘মানি এসকর্ট’ সার্ভিস। পাশাপাশি রাজধানীতে পুলিশের টহল জোরদার করতে অতিরিক্ত মোবাইল টিম, ফুট পেট্রোল এবং বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পুরো পরিস্থিতি সার্বক্ষণিকভাবে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করছে ডিএমপি।

ঈদ উদযাপনে লাখো মানুষ ঢাকা ছাড়তে শুরু করায় গাবতলী, সায়েদাবাদ, উত্তরা ও যাত্রাবাড়ীসহ রাজধানীর প্রবেশ ও বাহির পথগুলোতে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। পশুবাহী যানবাহন যাতে নির্দিষ্ট হাট ছাড়া অন্য কোথাও জোরপূর্বক থামানো বা নামানো না হয়, সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে। এছাড়া ঘরমুখী মানুষের নিরাপদ ও যানজটমুক্ত যাতায়াত নিশ্চিত করতে বিভিন্ন বাস টার্মিনাল ও স্টেশনে পুলিশ কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে।

ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহন ঠেকাতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হচ্ছে। প্রধান সড়কগুলো যানজটমুক্ত রাখতে অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে ডিএমপি এবং অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একই সঙ্গে, গরুর হাটের কারণে যাতে সড়কে যানজট না হয়, সেজন্য হাটের সীমানার বাইরে রাস্তা কিংবা ফুটপাতে কোনোভাবেই পশু রাখতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ডিএমপি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ