অন্যদৃষ্টি অনলাইন।।
পুরো বিশ্ব যখন ঈদ উদযাপন করছে তখন কেরালার মানুষ নিরাপদ আশ্রয় খোঁজায় ব্যস্ত। কারণ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যায় সারা রাজ্য পানিতে তলিয়ে গেছে।
আর এ কারণে ঈদ উল আযহা উদযাপনতো দূরের কথা, কেরালার হাজার হাজার মানুষের জন্য ঈদের নামাজ আদায় করাটাও কঠিন হয়ে পড়েছিল। কারণ সেখানকার বহু মসজিদ পানির নিচে তলিয়ে গেছে।
এমন ভয়াবহ পরিস্থিতি সম্প্রীতি আর ভালোবাসার হাত বাড়িয়ে দেয় ত্রিসূর জেলার একটি মন্দির। তারা মুসলিমদের নামাজ আদায়ের জন্য মন্দিরের দরজা খুলে দিয়েছে। ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে পুরাপ্পিলিকাভু রক্তেস্বরী মন্দির কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আশেপাশের প্রায় সব মসজিদই পানির নিচে তলিয়ে গেছে। মন্দিরে নামাজের ব্যবস্থা করে দেয়ায় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মুসলিম ভাইরা।
মন্দিরের এক কর্মকর্তা বলেন, সবার প্রথমে আমরা মানুষ। এ ধরনের পরিস্থিতিতে আমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে যে, আমরা সবাই এক ঈশ্বরের সন্তান।
আগামী দিনগুলোতেও এমনটা দেখতে চাই আমি, যেখানে মানুষের প্রয়োজনে আমরা সবাই একত্রে কাজ করতে পারব এবং মানুষকে সহায়তা করতে পারব।
You must be logged in to post a comment.