মনোহরগঞ্জে সম্পত্তি বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা

এম,নুরুননবী সেলিম,কুমিল্লা ।।
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০, ১:১১ অপরাহ্ন

কুমিল্লার মনোহরগঞ্জে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। উপজেলার বাইশগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে মনোহরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শহিদ উল্লাহ।

অভিযোগ সূত্রে জানা যায়, মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও গ্রামের আমজাদ মিজি বাড়ির শহিদ উল্লাহ ও তার ভাতিজাদের সাথে একই বাড়ির মোবারক উল্লাহ ও তার ছেলেদের যৌথ সম্পত্তি সংক্রান্ত পূর্ববিরোধ রয়েছে। গত ২৫ সেপ্টেম্বর সকালে যৌথ মালিকানাধীন পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে শহিদ উল্লাহর ছেলে পলাশ, মেয়ে শাহিনা এবং প্রতিবেশী নুরুল আলমকে মোবারক উল্লাহ ও তার ছেলেরা বেদম মারধর করে। তাদের ছুরিকাঘাতে নুরুল আলমের বাম চোখের নীচে মারাত্মক জখম হয়।

এসময় তারা শহিদ উল্লাহর বাড়ির বেড়া ভাঙচুর করে ঘটনাস্থল ত্যাগ করে। একই দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় একই গ্রামের মৃত রহমত আলীর ছেলে নুরুল আলম জিকুর নেতৃত্বে মোবারক উল্লাহ ও তার ছেলেরা অজ্ঞাত কয়েকজনকে সঙ্গে নিয়ে পুনরায় শহিদ উল্লাহর বাড়িতে হামলা চালায়। এসময় তারা শহিদ উল্লাহ ও তার ভাতিজা আলমগীর হোসেনের বসতঘর ভাঙচুরের পর নগদ টাকা, স্বর্ণালংকারসহ অন্যান্য জিনিসপত্র লুট করে।

হামলা-লুটপাটের ঘটনায় সম্পৃক্ত ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০/২৫ জনকে বিবাদী করে মনোহরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শহিদ উল্লাহ। এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেয়া যায়নি।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ