নেতানিয়াহুর চিরদিন ক্ষমতায় থাকার ‘ধান্দা’: বিল ক্লিনটন

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২২ জুন, ২০২৫, ৭:২৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন মনে করেন ইরানের বিরুদ্ধে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ মূলত ক্ষমতায় টিকে থাকার দীর্ঘমেয়াদি কৌশল বা ‘ধান্দা’। তিনি বলেন, নেতানিয়াহু বহুদিন ধরেই ইরানের সাথে যুদ্ধ চাচ্ছেন। কারণ, এ যুদ্ধ তাকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় টিকে থাকার সুযোগ করে দিবে বলে তার ধারণা।

মার্কিন বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ‘দ্য ডেইলি শো’য় অংশ নিয়ে বিল ক্লিনটন আরো বলেন, তিনি (নেতানিয়াহু) তো গত ২০ বছরে বেশিরভাগ সময়ই প্রধানমন্ত্রীর পদে ছিলেন। তার বর্তমান আচরণের উদ্দেশ্য নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী হিসেবে গড়ে তোলা।

অনুষ্ঠানে সাবেক এ প্রেসিডেন্ট যুদ্ধ নয় বরং শান্তির আহ্বান জানান। ইরান-ইসরাইল যুদ্ধ নিয়ে ক্লিনটন বলেন, আমি চাই প্রেসিডেন্ট ট্রাম্প এ উত্তেজনা প্রশমিত করবেন। বেসামরিক মানুষের ওপর যে লাগাতার হামলা চলছে তিনি সেটি বন্ধের উদ্যোগ নেবেন। তিনি আরো বলেন, আমার মনে হয়, আমাদের এ সংঘাত প্রশমিত করার চেষ্টা করা উচিত। আমি আশা করি প্রেসিডেন্ট ট্রাম্প সেটাই করবেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিশ্বাস করেন না যে, ট্রাম্প বা নেতানিয়াহু কেউই পূর্ণমাত্রার একটি আঞ্চলিক যুদ্ধ চান। তিনি বলেন, আমাদের মধ্যপ্রাচ্যের বন্ধুদের বোঝাতে হবে, তাদের পাশে আমরা আছি; প্রয়োজনে তাদের রক্ষা করব। তবে যেসব যুদ্ধের মূল শিকার হয় নিরীহ মানুষ, যারা রাজনীতি বা সংঘাতে জড়িত নন; সেই পথ কোনো ভালো সমাধান হতে পারে না।

যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত সরাসরি কোনো সামরিক পদক্ষেপ নেয়নি। তবে তারা ইসরাইলকে তেহরান থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সহায়তা করেছে এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ