অন্যদৃষ্টি অনলাইন।।
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোজাম্মেল হক খান। সোমবার দুদক প্রধান কার্যালয়ে কমিশনের সচিব ও মহাপরিচালকরা তাকে স্বাগত জানান।
এরপর তার জন্য সংরক্ষিত দপ্তরে কয়েক ঘণ্টা তিনি অবস্থান করেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব থেকে স্বেচ্ছায় অবসরে যাওয়ার সাত দিনের মাথায় মোজাম্মেল হক খান দুদকের কমিশনার হিসেবে যোগ দিলেন। তাকে পাঁচ বছরের জন্য এ পদে সরকার নিয়োগ দিয়েছে।
হাই কোর্ট বিভাগের বিচারকের পদমর্যাদায় মোজাম্মেল হককে দুদক কমিশনার নিয়োগ দিয়ে রোববার আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
এতে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইনের বিধানমতে বিদ্যমান সরকারি আর্থিক বিধিবিধান প্রতিপালন (পিআরএল বাতিল ইত্যাদি) সাপেক্ষে মোজাম্মেল হককে দুদক কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।
দুদকের কমিশনার হিসেবে তিনি কমিশনের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারকের সমান পদমর্যাদা ভোগ করবেন বলে আদেশে বলা হয়েছে।
দুদক কমিশনার (অনুসন্ধান) নাসিরউদ্দিন আহমেদের চাকরির মেয়াদ গত ২৫ জুন শেষ হয়েছে। ওই পদে একজন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতিকে সুপারিশ দিতে পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, বাছাই কমিটি রাষ্ট্রপতির কাছে মোজাম্মেল হক খানসহ দুইজনের নাম প্রস্তাব করেছিল, রাষ্ট্রপতি সেখান থেকে মোজাম্মেল হককে বেছে নেন।
আগামী ২ নভেম্বর পর্যন্ত চাকরির মেয়াদ থাকলেও ২৫ জুন থেকে স্বেচ্ছায় অবসরে যান মোজাম্মেল হক।
বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোজাম্মেল হক জনপ্রশাসন সচিবের দায়িত্ব পালনের আগে সড়ক বিভাগ; বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের দায়িত্বে ছিলেন।
২০০৯ সালের ২৭ এপ্রিল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হওয়ার পর ওই বছর ৪ অগাস্ট একই মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পান মোজাম্মেল। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সচিবের দায়িত্বে থাকার সময় ২০১৪ সালের ২০ মার্চ পদোন্নতি পেয়ে তিনি জ্যেষ্ঠ সচিব হন।
আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম আমান উল্লাহর পিএস এবং সাবেক ঢাকা বিভাগীয় কমিশনার আমিন মিয়া চৌধুরীর পিএসের দায়িত্বও তিনি পালন করেছেন।
এক সময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পরিচালকের (ফাইন্যান্স) দায়িত্বও পালন করেন মোজাম্মেল হক।
You must be logged in to post a comment.