অন্যদৃষ্টি ডেস্ক ।।
রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা সরকারিকরণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির ব্যানারে মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষকরা অংশ নেন। মানবন্ধন শেষে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেন শিক্ষক নেতারা।
মানববন্ধনে সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান বলেন, কোডভুক্ত ও কোডবিহীন প্রায় ১২ হাজার স্বতন্ত্র মাদরাসা রয়েছে। এর মধ্যে ১ হাজার ৫১৯টি মাদরাসা সরকারি অনুদান পেলেও বাকি প্রায় সাড়ে আট হাজার মাদরাসা অনুদান থেকে বঞ্চিত। এসব মাদরাসা শিক্ষকরা মানবেতর জীবন-যাপন করছেন। প্রাথমিক বিদ্যালয়ের মতো সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একই সিলেবাসে শিক্ষার্থীদের পাঠদান করানো হয়। এছাড়া ইবতেদায়ি শিক্ষার্থীরা সমাপনী পরীক্ষায় অংশ নেয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সব সরকারি কাজে অংশ নেয়। ইবতেদায়ি শিক্ষকরা ২ হাজার ৩০০ টাকা এবং প্রধান শিক্ষকরা ২ হাজার ৫০০ টাকা বেতন ভাতা পান। অপরদিকে, প্রাথমিকের শিক্ষকরা মাস শেষে ২২ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বেতন পান বলে দাবি করেছেন আন্দোলনরত শিক্ষকরা।
মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সভাপতি মাওলানা হাফেজ কাজী ফয়জুর রহমান, সহ সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজাহান, এ বি এম আব্দুল কুদ্দুস, আবু মুসা ভূইয়া, ইমতাজ বিন হাকিম, মো. শামছুল আলম, আব্দুর রাজ্জাক, নাসরিন বেগম, ফেন্সি খাতুন, আব্দুর রশিদ, বেলাল হোসেন, আলতাফ হোসেন, মোখলেছুর রহমান, আব্দুল হান্নান, রেজাউল করিম, আলাউদ্দিন, আবুল কালাম আজাদ প্রমুখ ।
You must be logged in to post a comment.