কান উৎসবে ‘মুজিব’ এর ট্রেইলার, অংশ নিতে ফ্রান্সে তথ্যমন্ত্রী

বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২, ৯:০৯ পূর্বাহ্ন

বিশ্বের শীর্ষ চলচ্চিত্র উৎসব কান ফেস্টিভ্যালের ৭৫তম আসরে যোগ দিতে ফ্রান্সে রয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

উৎসবে তিনি ‘মুজিব:একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের ট্রেইলার উদ্বোধনে যোগ দেবেন। ‘মার্শে দ্যু ফিল্ম’ নামে বিশ্ব চলচ্চিত্রের ব্যস্ততম বাণিজ্যিক শাখায় ১৯ মে ভারতীয় প্যাভিলিয়নে এ ট্রেইলার উদ্বোধন হবে।

বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নির্মিত এই বায়োপিকের ট্রেইলার উদ্বোধনে আরও অংশ নেবেন ভারতের তথ্য ও সম্প্রচার এবং যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর, বায়োপিকের পরিচালক শ্যাম বেনেগাল, চিত্রনাট্যকার অতুল তিওয়ারি ও শামা জায়েদি, মুখ্য অভিনয় শিল্পীরা এবং কর্মকর্তারা।

বায়োপিকের নির্বাহী প্রযোজক ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, বাংলাদেশ অংশের কাস্টিং পরিচালক বাহার উদ্দিন খেলন, বিএফডিসির পরিচালক মো. ঈশান আলী রাজা বাঙালী, উপসচিব মো. সাইফুল ইসলাম, বঙ্গবন্ধুর চরিত্রাভিনেতা আরেফিন শুভ, বঙ্গমাতার চরিত্রাভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও তার শিশুকন্যা ইলাহাম নুসরাত ফারুকী এ সফরে যোগ দিয়েছেন।

২০২১ সালের শুরুতে সিনেমাটির চিত্রধারণ শুরু হয়। এ বছরেই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। আরেফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশার পাশাপাশি শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ প্রায় শতাধিক বাংলাদেশি কলাকুশলী এতে অভিনয় করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ