স্টাফ রিপোর্টার।।
এমপিওভুক্ত করার দাবির বিষয়ে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা শুরু করেছেন। আমরণ অনশনের নবম দিনে মঙ্গলবার (৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) জাবেদ আহমেদের সঙ্গে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। তবে সেখানে কোনো সিদ্ধান্ত হয়নি। মন্ত্রী ও সচিবের কাছে বিষয়টি তুলবেন বলে আশ্বাস দিয়েছেন অতিরিক্ত সচিব।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ রায় বলেন, দাবি আদায়ে সরকারের সঙ্গে আলোচনার পাশাপাশি আন্দোলনও চলবে। এবার দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন থামাবেন না।
এদিকে এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা আজ ১১তম দিনের মত অনশন চালিয়ে যাচ্ছেন। গত ১০ জুন থেকে রাজপথে আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছেন তারা। সে অনুযায়ী আন্দোলনের আজ ২৬ তম দিন এবং অনশন কর্মসূচির ১১তম দিন।
আর অনশনের ১১তম দিনে এসে প্রায় দুই শতাধিক শিক্ষক-কর্মচারী অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের দফতর সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।
এদিকে আন্দোলনকারীরা দাবি পূরণে রাষ্ট্রপতি বরাবর যে স্মারকলিপি দিয়েছিলেন, সে বিষয়ে বিধিগত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে বিধিগত ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়।
এমপিওভুক্তির দাবিতে গত ২৫ জুন থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কের উত্তর পাশে আমরণ অনশন করছেন শিক্ষক-কর্মচারীরা। গতকাল বিকেল পর্যন্ত নতুন করে আরও ১১ শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে গত ৯ দিনে ১৯৩ জন অসুস্থ হয়ে পড়লেন বলে আন্দোলনকারী শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নেতারা জানিয়েছেন।
You must be logged in to post a comment.