সাবেক তারকা ক্রিকেটার ও জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজার মাইজপাড়া ইউনিয়নে উপনির্বাচনকে সামনে রেখে ৬ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ভোটারদের দ্বারে ছুটছেন। তবে এরইমধ্যে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চার চেয়ারম্যান প্রার্থীকে বিভিন্ন অংকের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২০ এপ্রিল) নড়াইল সদরের মাইজপাড়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে দেয়াল, বৈদ্যুতিক খুঁটি ও শিক্ষা প্রতিষ্ঠানে পোস্টার সাটানোসহ রঙিন পোস্টার ব্যবহার করার অভিযোগে টেবিল ফ্যান প্রতীকের জিল্লুর রহমান মোল্যা ও চশমা প্রতীকের শহিদুর রহমান ফরাজীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে অটোরিকশা প্রতীকের জিল্লুর রহমানকে দুই হাজার এবং আনারস প্রতীকের সফুরা খাতুন বেলীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি ভবিষ্যতের জন্য প্রার্থীদের সতর্ক করা হয়।
নড়াইল সদরের ১ নম্বর মাইজপাড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনী এলাকা প্রার্থীদের ব্যানার পোস্টারে ছেয়ে গেছে। মাইকে বাজছে পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণা। তীব্র গরম উপেক্ষা করেই প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে। ভোটার টানতে এলাকার উন্নয়ন করার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
চলতি বছরের ৫ ফেব্রুয়ারি ইউনিয়নটির চেয়ারম্যান জসিম মোল্যার অকাল মৃত্যুতে পদটি শূন্য হয়। প্রয়াত চেয়ারম্যানের স্ত্রীসহ মোট ছয়জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চলতি মাসের ২৮ তারিখ ইউনিয়নটির উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সফুরা খাতুন বেলী (আনারস), জিল্লুর রহমান মোল্যা (টেবিল ফ্যান), শহিদুর রহমান ফরাজী (চশমা), সাফায়েত কবির (মোটরসাইকেল), মুকুল শরীফ (ঘোড়া) ও জিল্লুর রহমান (অটোরিকশা) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
প্রার্থীরা ভোট চাইছেন, নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। সৎ যোগ্য নেতৃত্ব দেখেই ভোটের মাধ্যমে নির্বাচিত করে ইউনিয়নের অভিভাবক বানাবেন এমন টাই প্রত্যাশা সাধারণ ভোটারদের।
অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা রেখে প্রার্থীরা নির্বিঘ্নে প্রচার প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দমুখর পরিবেশে নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীদের।
মাশরাফীর ইউনিয়নের অভিভাবক হিসাবে কে নির্বাচিত হবেন, তা ২৮ এপ্রিল ভোটাররা ব্যালটের মাধ্যমে ৬ জন প্রার্থী থেকে নির্ধারণ করবেন।
ইউনিয়নটিতে মোট ভোটার ১৯৭৬৯ জন, পুরুষ ভোটার ৯৯২৪ ও মহিলা ভোটার ৯৮৪৫ জন।
You must be logged in to post a comment.