সেন্টমার্টিনগামী দি আটলান্টিক ক্রুজে আগুন : মৃত্যু ১

কক্সবাজার প্রতিনিধি
শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ২:৩৯ অপরাহ্ন

কক্সবাজার শহরতলীর নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে সেন্টমার্টিনগামী জাহাজ ‘দি আটলান্টিক ক্রুজ’ এ আগুনে জাহাজের ক্রু নুর কামালের (৩৫) মৃত্যু হয়েছে। জাহাজে ওঠার জন্য ঘাটে অপেক্ষমাণ ১৯৪ জন পর্যটক অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে সেন্টমার্টিন যাত্রার জন্য ঘাটে বার্থিং করার সময় জাহাজে হঠাৎ আগুন লেগে যায়। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও এখনো অগ্নি নির্বাপণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও কোস্টগার্ডসহ প্রশাসনের স্বেচ্ছাসেবক টিম।

নুর কামাল আগুন লাগার সময় জাহাজের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, ‘জাহাজের এক কর্মচারীর সম্পূর্ণ ভস্মীভূত লাশ উদ্ধার করা হয়েছে, তিনি একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। আর কেউ আছেন কিনা খোঁজা হচ্ছে, আগুন লাগার কারণ এখনো নিশ্চিত বলা যাচ্ছে না’।

সী ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘১৯৪ জন পর্যটক আজ এ জাহাজে করে সেন্টমার্টিন যাওয়ার কথা ছিল। সৌভাগ্যবশত কেউ জাহাজে ওঠেননি, ঘাটে অপেক্ষা করছিলেন। যাত্রীদের একটি অংশকে অন্য জাহাজে করে সেন্টমার্টিনে পাঠানো হয়েছে, বাকিরা আগামীকাল যাবেন।’

আটলান্টিক ক্রুজের যাত্রীরা বলেন, জাহাজে ওঠার জন্য অপেক্ষমাণ ছিলাম, এ সময় হঠাৎ আগুন ধরে যায়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানান, কোন কারণে আগুন লেগেছে খতিয়ে দেখা হচ্ছে, পরে বিস্তারিত বলা যাবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ