রাশেদুজ্জামান রিমন, মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা।।
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অবৈধ স্যালো ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় হাজ্বী আবুল হাসেম (৬০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়ককের মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের দাখিল মোড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত হাজ্বী আবুল হাসেম উক্ত এলাকার শের আলীর জামাই এবং আমলা বাজারের “বিসমিল্লাহ” নামক গার্মেন্ট দোকানের মালিক। নিহতের ছেলে সোহান জানান, “আগামী শুক্রবার আমার ছোট বোনের বিয়ে। তাই বিয়ের দাওয়াত দিতে যাচ্ছিলেন আমার বাবা।
বাড়ী থেকে বের হওয়ার পর পরই খবর আসে তিনি মারা গেছেন।” প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে বাড়ী সামনে দিয়ে আসা সরু পাকা রাস্তা দিয়ে মোটরসাইকেল যোগে দাখিল মোড় হয়ে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে উঠে মেহেরপুর অভিমুখে যেতে যায়। এসময় পিছন দিক থেকে আসা একটি স্যালো ইঞ্জিন চালিত ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে আবুল হাসেম রাস্তায় ছিটকে পড়ে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনাস্থলে থাকা আমলা পুলিশ ফাঁড়ির এএসআই আশরাফ জানান, ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই আবুল হাসেম নিহত হয়েছেন।
স্থানীয়রা ঘাতক ট্রলিটিকে আটক করেছে তবে চালক আল-আমিন পলাতক রয়েছে। মিরপুর থানার ওসি আবুল কালাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
You must be logged in to post a comment.