রাজনৈতিক নেতৃত্ব সরকারবিরোধী গণআন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হয়েছে : মান্না

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৯ জুন, ২০১৯, ১২:২৯ পূর্বাহ্ন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে মাহমুদুর রহমান মান্না।

অন্যদৃষ্টি ডেস্ক।।

সরকারবিরোধী গণআন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হয়েছে রাজনৈতিক নেতৃত্ব মন্তব্য করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জানান, গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাবে তার দল।

আজ শুক্রবার রাজনৈতিক দল হিসেবে নাগরিক ঐক্যের দুই বছর পূর্তিতে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না।  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন খান বলেন, ‘রাজপথের লড়াই ছাড়া গণতন্ত্র পূনরুদ্ধার সম্ভব নয়।’ কেবল মানববন্ধন কর্মসূচিতে সীমাবদ্ধ থেকে দাবি আদায় করা যাবে না বলেও মন্তব্য করেন হাফিজ উদ্দিন।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘মানুষের অধিকার ডাকাতির উৎসব চলছে দেশে।’

সংসদে গণতন্ত্রের শোকসভা হয় উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সংসদে লড়াই চালিয়ে কাজ হবে না, রাজপথে নামার প্রস্তুতি নিতে হবে সবাইকে।’

জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দের প্রতি ইঙ্গিত করে মান্না বলেন, ‘৩০ তারিখে তো ভোট হয়নি, ভোটের ডাকাতি হয়েছে ২৯ তারিখে। তাহলে ৩০ তারিখ সকালে আপনারা কেন বললেন ভোট ভাল হচ্ছে, দুপুর পর্যন্ত কেন বুঝতে পারলেন না যে ভোট খারাপ হচ্ছে। কেন সেদিন বিকেল বেলায় চার পাঁচ দিনের জন্য সারাদেশে হরতাল দিতে পারলেন না।’

তিনি আরো বলেন, ‘মানুষ কখনও নিজে নিজে নামেনি, ৬৯-এ নামেনি, ৭১-এ নামেনি। বিশ্বের কোন জায়গায় কোন অভ্যুত্থান জনগণ নিজে নিজে তৈরি করেনি। আমরা যারা নেতৃত্ব দেওয়ার কথা তারা জনগণকে সেই ভূমিকায় নিয়ে যেতে পারিনি।’

 

অন্যদৃষ্টি/ কামরুজ্জামান

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ