২৮ বলের সেঞ্চুরিতে আভিশেক শর্মার রেকর্ড

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৯:১৩ অপরাহ্ন

আগের কয়েকটি ম্যাচে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি। সেই আক্ষেপ অবশেষে মেটালেন আভিশেক শার্মা। খুনে ব্যাটিংয়ে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম লেখালেন ভারতীয় ব্যাটসম্যান।

ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বৃহস্পতিবার মেঘালয়ের বিপক্ষে পাঞ্জাবের হয়ে ২৮ বলে তিন অঙ্ক স্পর্শ করেন আভিশেক। বিশ ওভারের ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম এবং ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরি এটি।

এই টুর্নামেন্টেই গত সপ্তাহে গুজরাটের হয়ে ত্রিপুরার বিপক্ষে আভিশেকের সমান ২৮ বলে সেঞ্চুরি করেন উর্ভিল প্যাটেল।

এই সংস্করণে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড সাহিল চৌহানের। গত জুনে সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি করেন এস্তোনিয়ার এই ব্যাটসম্যান।

আভিশেকের কীর্তি আছে আরও। প্রথম ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে চারটি সেঞ্চুরি করলেন তিনি। তিনটি করে আছে উন্মুক্ত চাঁদ, রুতুরাজ গায়কোয়াড়, ইশান কিষান ও শ্রেয়াস আইয়ারের।

এই সংস্করণে সব মিলিয়ে আভিশেকের সেঞ্চুরি হলো পাঁচটি। একটি করেন ভারতের হয়ে অভিষেক সিরিজে, জিম্বাবুয়ের বিপক্ষে।

চলতি আসরে প্রথম ছয় ম্যাচে আভিশেক পঞ্চাশ ছুঁতে পারেন কেবল একবার। এবার ১৪৩ রানের লক্ষ্য তাড়ায় ইনিংস শুরু করতে নেমে তিনি দলকে জিতিয়ে ফেরেন ২৯ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলে। যেখানে ১১টি ছক্কার পাশে চার আছে ৮টি।

৭ উইকেট হাতে রেখে পাঞ্জাব লক্ষ্য ছুঁয়ে ফেলে ৯.৩ ওভারেই। সেঞ্চুরির আগে বাঁহাতি স্পিনে ২৪ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ-সেরার পুরস্কার জেতেন ২৪ বছর বয়সী আভিশেক।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ