হরতালে সবার অংশ নেওয়া উচিত : মান্না

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৩ জুলাই, ২০১৯, ১২:২৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক।।

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রবিবার বাম দলের ডাকা হরতালে সমর্থন জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, এ হরতাল যৌক্তিক। তাই সক্রিয়ভাবে সবার এতে অংশ নেওয়া উচিত। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্য আয়োজিত গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে এই মানববন্ধনের মাধ্যমে আমরা আমাদের আন্দোলন শুরু করলাম। স্টেকহোল্ডার ও গ্যাস সঞ্চালনী কোম্পানির একটি বাদে সবগুলোই লাভ করছে। তাহলে গ্যাসের দাম বাড়বে কেন? কারা গ্যাসের দাম বাড়াতে পরামর্শ দিল? বাজেটে বেশির ভাগ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। মোবাইলের কলরেট বেড়েছে। গ্যাসের দাম বাড়লে গ্যাসচালিত পরিবহনের ভাড়া বাড়বে। নাগরিকদের ওপর চাপ পড়বে। আসলে এই সরকার জনগণের সরকার নয়।

দু-দুবার ধোঁকা দিয়ে জোর করে ভোট ছাড়া ক্ষমতা দখল করেছে। ইচ্ছামতো কর আদায় করে তা বড়লোকের হাতে তুলে দিচ্ছে। এ সরকার ভোট ডাকাত, লুটেরা, ব্যাংক ডাকাতদের সহায়তা করছে। খেটে খাওয়া মেহনতি মানুষ এ সরকারের সহায়তা পাচ্ছে না। অনেক আগে থেকে শুনে আসছি দেশ গ্যাসের ওপর ভাসছে। তাহলে কারা এতদিন এই মিথ্যা কথা বলে এসেছেন আমাদের?

মাহমুদুর রহমান মান্না বলেন, দিবালোকেও এই সরকার মানুষ হত্যা করছে। ক্রসফায়ারে মানুষ মারছে। কোন অন্যায় আড়াল করতে, কাকে বাঁচাতে নয়ন বন্ডকে ক্রসফায়ার দেওয়া হলো, তা আমরা জানতে চাই।

যে সরকার পুলিশকে ঘুষ দেয়, আগের রাতে ভোট দেয় তারা জনগণের দাবি মানবে তা মনে করে আমরা মানববন্ধন করছি না বলেও মন্তব্য করেন মান্না। হরতালে সক্রিয়ভাবে রাস্তায় নামব। কারণ এটা মানুষের বাঁচার প্রশ্ন। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান জানান মাহমুদুর রহমান মান্না।

মানববন্ধনে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় নেতা মমিনুল ইসলাম, আতিকুর রহমান, নাগরিক যুব ঐক্যের নাজমুল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অন্যদৃষ্টি/ কে.জামান

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ