স্ত্রীকে তালাক দিলেন আল-আমিন

ক্রীড়া ডেস্ক
শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ৮:০৯ পূর্বাহ্ন

ক্রিকেটার আল-আমিন হোসেন তার স্ত্রী ইসরাত জাহানকে তালাক দিয়েছেন। বৃহস্পতিবার আদালতে দেওয়া লিখিত জবাবে এ তথ্য জানানো হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি আল আমিন আদালতে উপস্থিত হয়ে হাজিরা দেন। এরপর আইনজীবীর মাধ্যমে আদালতে লিখিত জবাব দাখিল করেন তিনি।

যেখানে উল্লেখ করা হয়, গত ২৫ আগস্ট স্ত্রীকে তালাক দিয়েছেন তিনি। তবে তার স্ত্রী তালাক সংক্রান্ত কোনো কাগজ পাননি বলে জানিয়েছেন।

শুক্রবার সকালে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইনের মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ক্রিকেটার আল আমিন।

এর আগেও গত ২৭ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ক্রিকেটার আল আমিন। উভয় পক্ষের শুনানি নিয়ে পাঁচ হাজার টাকা মুচলেকায় আল-আমিনের জামিন মঞ্জুর করেন আদালত।

তার আগে গত ৭ সেপ্টেম্বর একসঙ্গে বসবাসের অধিকার, মাসিক ভরণ-পোষণ ও সন্তানদের খরচ দাবি করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে মামলা করেন ক্রিকেটার আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান। স্ত্রীর করা মামলাটি আমলে নিয়ে আল-আমিনকে হাজির হতে সমন জারি করেন আদালত।

মামলায় বলা হয়, গত ২০১২ সালের ২৬শে ডিসেম্বর ইসলামী শরিয়াহ মোতাবেক ইসরাত জাহান ও আল-আমিন বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুটি পুত্রসন্তান রয়েছে। বড় ছেলে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ইংরেজি ভার্সনে কেজিতে পড়াশোনা করছে। বেশ কিছুদিন ধরে আল-আমিন স্ত্রী ও সন্তানদের ভরণ-পোষণ দেন না এবং খোঁজও না নিয়ে এড়িয়ে চলছেন। যোগাযোগও করেন না।

গত ২৫শে আগস্ট রাত সাড়ে ১০টার দিকে আল-আমিন বাসায় এসে স্ত্রীর কাছে যৌতুকের জন্য ২০ লাখ টাকা দাবি করেন। ইসরাত জাহান টাকা দিতে অস্বীকার করলে আল-আমিন তাকে এলোপাথাড়ি কিল ঘুসিসহ লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। সংসার করবেন না বলে জানান। ইসরাত জাহান ৯৯৯-এ টেলিফোন করে সাহায্য চাইলে পুলিশ এসে তাকে উদ্ধার করেন। পরে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন ইসরাত জাহান। এ ঘটনায় পহেলা সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলাও হয়।

মামলার বাদী ইসরাত তার দুই সন্তানসহ বসতবাড়িতে শান্তিপূর্ণভাবে বসবাস করার অধিকারসহ মাসিক ভরণ-পোষণ দাবি করে মামলাটি করেন। এছাড়াও জীবনধারণের জন্য ৪০ হাজার, দুই সন্তানের ভরণ-পোষণ ও ইংলিশ মিডিয়ামে লেখাপড়া-বাবদ মাসে ৬০ হাজার টাকা মামলায় দাবি করেছেন আল-আমিনের কাছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ