অন্যদৃষ্টি অনলাইন।।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, গুলশান, বনানী বারিধারায় যেসব রাস্তা আপনারা দেখেছেন তার চেয়েও আরও সুন্দর রাস্তা করা হবে নতুন ওয়ার্ডগুলোতে।
তিনি বলেন, নতুন ওয়ার্ডগুলোকে নিয়ে মাস্টার প্ল্যান করা হয়েছে। কোন দিক দিয়ে রাস্তা হবে, কোথায় ড্রেন ও ফুটপাত হবে নগরপরিকল্পনাবীদদের নিয়ে সব পরিকল্পনা করা হয়েছে।
মঙ্গলবার নতুন বাজার ১০০ ফিট রাস্তা থেকে গণসংযোগ শুরু করে বেরাইদ মুসলিম হাইস্কুল স্কুল এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, নতুন ওয়ার্ডগুলোকে দৃষ্টিনন্দন করে সাজাতে, রাস্তা, ড্রেন ফুটপাত নির্মাণসহ সকল সমস্যা সমাধানের লক্ষ্যে ৪ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ হতে যাচ্ছে। ফলে আপনার যদি উন্নয়নের মার্কা নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে ইনশাআল্লাহ্ নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোর চেহারা বদলে যাবে। নৌকার কোন ব্যাক গিয়ার নেই, নৌকার শুধু ফ্রন্ট গিয়ার, ফ্রন্ট গিয়ার মানে শুধু উন্নয়নের গিয়ার।
তিনি আরও বলেন, ফুটপাত, ড্রেন নির্মাণ হবে। দখলকৃত খাল উদ্ধারের মাধ্যেমে সুন্দর হবে হাতিরঝিলের এই এলাকা। আমরা একটি সুন্দর, সচল, আধুনিক ঢাকা গড়তে চাই। আমি আশা আমরা সবাই মিলে যদি একসঙ্গে কাজ করি তাহলে সব ধরনের চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারবো।
You must be logged in to post a comment.