অন্যদৃষ্টি অনলাইন।।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে চাকরির বদলে ঘরে ঘরে মামলা দিয়েছে। তাই এই সরকার পরিবর্তনের জন্য ধানের শীষের বিকল্প নেই।
রোববার (২৩ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আখাঁনগর ইউনিয়নে এক পথসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।
এ সময় ধানের শীষে ভোট চেয়ে ও বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বিএনপি ও ঐক্যফ্রন্ট জয়ী হয়ে সরকার গঠন করলে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের নায্যমূল্য পাবে। যারা বেকার রয়েছেন তাদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার ভাতা প্রদান করা হবে। এছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নানা রকম সমস্যার জন্য আলাদা একটি মন্ত্রণালয় গঠন করে তা সমাধান করা হবে।
ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, এই সরকারের পরিবর্তন একমাত্র আপনারাই করতে পারেন। আমরা শান্তি চাই, ভোটের মাধ্যমে পরিবর্তন চাই। কিন্তু আওয়ামী লীগ জনগনকে পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে মামলা করে আবারও ক্ষমতায় আসতে চায়। মামলা, হামলা, ভয় দেখিয়ে ক্ষমতাই বেশি দিন টিকে থাকা যায় না।
পরে তিনি ঠাকুরগাঁও-১ নির্বাচনী আসনে বিভিন্ন পথসভা ও গণসংযোগে যোগ দেন। ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট প্রদানের জন্য সাধারণ ভোটারদের কাছে আহ্বান করেন তিনি।
You must be logged in to post a comment.