বসুন্ধরা কিংসের সঙ্গে শেখ মোরছালিনের চুক্তি তিন বছরের। এই মৌসুমে অস্কার ব্রুজনের দলে যোগ দিয়েছেন এই তরুণ মিডফিল্ডার। তবে খেলার সুযোগ না পাওয়ায় মাঝবিরতিতে ধারে মোহামেডানের হয়ে খেলছেন। আগের ম্যাচে শেখ জামালের বিপক্ষে গোল পেয়েছেন ফরিদপুর থেকে উঠে আসা এই ফুটবলার।
আর শনিবার তো যেই দলের হয়ে তিন বছরের চুক্তি করেছেন, সেই বসুন্ধরার দুর্গে আঘাত হেনেছেন। ১৭ বছর বয়সী মিডফিল্ডারের গোলে মোহামেডান ১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। এমন স্মরণীয় গোলের পর মোরছালিনের উৎসবে মাতার কথা। অথচ উল্টো অনুশোচনায় ভুগছেন!
ঢাকার মাঠে স্থানীয় ফুটবলাদের কাছ থেকে সেভাবে গোল দেখা যায় কমই। তবে মোরছালিন যেন একটু একটু করে আলো ছড়িয়ে যাচ্ছেন। আগের ম্যাচে শেখ জামালের বিপক্ষে বক্সের ভেতরে প্লেসিং শটে গোল পান। আর আজ বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করে নিজের প্রতিভা দেখিয়েছেন। লিগে সাদা-কালোদের হয়ে তিন ম্যাচে নেমে ২ গোল। তবে বসুন্ধরার বিপক্ষে (বিশেষ ব্যবস্থায় খেলে) গোল করেও খুশি হতে পারছেন না মোরছালিন।
তিনি বলেছেন, ‘বসুন্ধরার হয়ে আমি তিন বছরের চুক্তিবদ্ধ। সেই দলের বিপক্ষে আমি গোল করেছি। সত্যি বলতে আমার মন খারাপ। বেশ কষ্ট লাগছে। আমার গোলে বসুন্ধরা পয়েন্ট হারিয়েছে। তারা তো চ্যাম্পিয়ন দল। এগিয়ে আছে অনেক। তাদের পয়েন্ট হারানোতে অনেক কষ্ট পেয়েছি। মোহামেডান তো এবার চ্যাম্পিয়ন হতে পারবে না।’
তবে কষ্ট পেলেও মোহামেডানের হয়ে খেলতে পেরে খুশি বিকেএসপিতে উচ্চ মাধ্যমিকে পড়ুয়া এই ফুটবলার। বিশেষ করে, এই মৌসুমের শুরু থেকে বসুন্ধরার হয়ে চুক্তিবদ্ধ হয়েও খেলতে পারছিলেন না। ধারে খেলে সামনের দিকে আরও গোল পেতে চান মোরছালিন, ‘সামনের দিকে আরও ভালো পারফরম্যান্স দেখাতে চাই। এরপর তো প্রতিপক্ষ বসুন্ধরা থাকবে না। মাঠে নামবো নিজের সেরাটা দেওয়ার জন্য।’
মোরছালিন এর আগে তৃতীয় বিভাগের দল আলমগীর ক্রীড়া সংসদের হয়ে সেরা গোলদাতা হয়েছিলেন। তাই পোস্টে শট নিতে কোনও কার্পণ্য নেই। অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলতে অভ্যস্ত তরুণ এই ফুটবলার বলেছেন, ‘সুযোগ পেলেই পোস্টে শট নিয়ে থাকি। বক্সে বা বক্সের ভেতরে আগে থেকে গোল করতে আমি অভ্যস্ত।’
হঠাৎ করে আলোচনায় চলে আসা তরুণ ফুটবলার চাইছেন জাতীয় দলে জায়গা করে নিতে। স্বপ্ন দেখছেন একদিন লাল-সবুজ জার্সি গায়ে চড়াবেন, ‘সবার মতো আমারও স্বপ্ন জাতীয় দলের হয়ে খেলা। হয়তো একদিন সেই স্বপ্ন পূরণ হবে। সেই আশাতে আছি।’
You must be logged in to post a comment.