অন্যদৃষ্টি অনলাইন।।
আগামীকাল (২৭ ফেব্রুয়ারী) জামিন শুনানীর প্রেক্ষাপটে দলের সিনিয়র আইনজীবীদের সাথে খালেদা জিয়ার মামলার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।
বুধবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন।
এদিকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ দুপুরেই খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ অবস্থাসহ স্বাস্থ্য প্রতিবেদনটি সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেলের কাছে জমা দিয়েছে। গত সোমবার হাইকোর্ট খালেদা জিয়ার জামিন শুনানীতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই প্রতিবেদন বুধবার বিকাল ৫টার মধ্যে দেয়ার নির্দেশ ছিলো।
প্রসঙ্গত, গত বুধবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কেএম জহিরুল হকের বেঞ্চে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিনের জন্য আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।
বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর দলের পক্ষ থেকে সাংবাদিকদের কোনো ব্রিফিং করা হয়নি।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। এছাড়া খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন প্রমুখ আইনজীবী ছিলেন।
You must be logged in to post a comment.