ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও এর মূল্যবোধকে রক্ষা করবো: ড. কামাল

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮, ৭:৫৮ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও এর মূল্যবোধকে রক্ষা করবো বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। স্বাধীনতার ৪৭তম বার্ষিকীতে আজ রবিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।

সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেন, ‘যে ঐক্যকে সামনে রেখে বিজয় অর্জন করেছিলাম, সেই শক্তিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যের বিরুদ্ধে যারা লাগে, সেটি সেকোনও দিক থেকে হোক, তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। আসুন আমরা ঐক্যকে সুসংহত করি। মনে রাখবেন ঐক্যবদ্ধ জনগণের বিজয় অনিবার্য। ঐক্যবদ্ধ হয়ে আমরা অবশ্যই স্বাধীনতা এবং স্বাধীনতার মূল্যবোধ সবকিছুকেই রক্ষা করবো।’

তিনি বলেন, লাখ লাখ লোক জীবন দিয়েছেন দেশ স্বাধীন করতে, তাদের আত্মত্যাগকে আমরা যেন ঠিকভাবে মূল্যায়ন করি, সে বিষয়ে বিজয়ের দিনে আমাদের শপথ নেয়া দরকার।

সব মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে গণফোরাম সভাপতি বলেন, যারা দেশের জন্য জীবন দিয়েছিল, তারা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তা পূরণ করতে হবে। তাদের স্বপ্ন ছিল সব মানুষ নিরাপদে থাকবে, কর্মসংস্থান হবে, দেশে আইনের শাসন থাকবে। আমাদেরকে এগুলো নিশ্চিত করতে হবে।

কামাল হোসেন আরও বলেন, ‘গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ- এই চার মূলনীতির বাংলাদেশ দেখতে লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন। আজ সেটি অনুপস্থিত। আমরা সেই বিষয়গুলো সামনে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাবো।‘

লাঠিয়াল ব্যবহারকারীদের বয়কটের আহ্বান জানিয়ে ড. কামাল বলেন, ‘যারা রুগ্ন রাজনীতি করে, তারা লাঠিয়াল ব্যবহার করে, তারা কালো টাকা ব্যবহার করে, তারা জনগণকে মর্যাদা দেয় না। এগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।‘

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছি, যেটি ছিল স্বাধীনতার মূল চেতনা। সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্যে আমাদের সংগ্রাম চলছে চলবেই। দেশনেত্রীর মুক্তির সংগ্রাম চলছে চলবেই।’

অনেকেই বললেন, স্বাধীনতার এত বছর পরও  কাঙ্খিত সেই মুক্তি অধরা রয়ে যাওয়ার কথা।

জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্খা অসম্পূর্ণ রয়ে গেছে। এটার জন্য আগামী ৩০ তারিখে ভোটের যুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে হবে।’

গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, ‘জনগণ যাদের ভোট দিবেন তারা নির্বাচিত হবেন, তারাই দেশ পরিচালনা করবেন। সেই মনোভঙ্গি নিয়েই যাতে আমরা এগিয়ে যেতে পারি, আজকে বিজয় দিবসে সেই কামনা করি।’

বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, ‘যেই আকাঙ্খা নিয়ে যেই বিজয় আমরা অর্জন করেছিলাম, যে বিজয় অনেকটা হাত ছাড়া হয়ে গেছে, সেই বিজয় অর্জনের জন্য আজকে আবার নতুন ভাবে, নতুন শপথে, নতুন সংগ্রামে আমাদের অগ্রসর হতে হবে।’

প্রসঙ্গত, একাত্তরের বীর সন্তানদের শ্রদ্ধা জানিয়ে ৪৮তম বিজয় দিবস উদযাপন করছে বাঙালি জাতি। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা আর ভালোবাসায় লাখো শহীদকে স্মরণ করে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ। সেসঙ্গে শপথ নেয় বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের চেতনার বিজয় নিশ্চিত করার। সাতচল্লিশ বছর আগে পৌষের এমনি এক ঝলমলে দিনে লাখো বীর সন্তানের রক্ত পেরিয়ে লেখা হয়েছিল বাংলার বিজয়ের ইতিহাস।

বিজয়ের দিনে সেই বীর শহীদদের ঘুম ভাঙাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জড়ো হয় সহস্র জনতা। শ্রদ্ধা জানানোর এই মিছিলে যোগ দেয় আওয়ামীলীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিজয়ের মাসে যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে তা নিয়েও প্রত্যাশার কথা জানান তারা। রাজনীতির মাঠের বাইরে সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের মানুষের চিন্তায়ও বিজয়ের মাসের নির্বাচন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ