এনটিআরসিএ : বিশেষ গণবিজ্ঞপ্তির ফল-দ্বিতীয় ধাপের সুপারিশ ৫ জুন

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২ জুন, ২০২২, ৫:৫৯ অপরাহ্ন

বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ হাজারের বেশি শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তির ফল আগামী ৫ জুন (রোববার) প্রকাশ করা হবে। আর তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যোগদান না করা পদগুলোতে দ্বিতীয় ধাপের সুপারিশও আগামী ৫ জুন করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে বিশেষ গণবিজ্ঞপ্তির ফল-দ্বিতীয় ধাপের সুপারিশ করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার দুপুরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য এ বি এম শওকত ইকবাল শাহীন ও শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মোট সাড়ে ২২ হাজার শিক্ষক পদে প্রার্থীদের নিয়োগের প্রাথমিক সুপারিশ করতে যাচ্ছে এনটিআরসিএ। এরমধ্যে ১৫ হাজার ১৬৩ পদে বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করা প্রার্থীদের এবং ৭ হাজারের বেশি পদে দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে যোগদান না করা পদগুলোতে আবেদন করা পরবর্তী প্রার্থীদের দ্বিতীয় ধাপের নিয়োগ সুপারিশ করা হবে।

এনটিআরসিএ সদস্য এ বি এম শওকত ইকবাল শাহীন বলেন, আগামী ৫ জুন শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী মহোদয় সংবাদ সম্মেলন করে বিশেষ গণবিজ্ঞপ্তির ১৫ হাজার শিক্ষক নিয়োগের বিষয়ে এবং তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যোগদান না করা পদে প্রার্থীদের দ্বিতীয় ধাপের নিয়োগ সুপারিশের বিষয়ে তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরবেন। এদিনই বিশেষ গণবিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের নিয়োগ সুপারিশ এবং দ্বিতীয় ধাপের সুপারিশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, আগামী ৫ জুন (রোববার) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে  বিশেষ গণবিজ্ঞপ্তির ১৫ হাজার শিক্ষক নিয়োগের বিষয়ে এবং তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যোগদান না করা পদে প্রার্থীদের দ্বিতীয় ধাপের নিয়োগ সুপারিশের বিষয়ে সংবাদ সম্মেলন করবেন। এদিন প্রার্থীদের নিয়োগ সুপারিশ করা হবে।

বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ হাজার শিক্ষক পদে নিয়োগ আইনি জটিলতায় আটকে ছিল। এসব পদে নিয়োগের জন্য নিবন্ধিত প্রায় সাড়ে তিন লাখ প্রার্থী আবেদন করেছেন। গত মার্চ মাসেই এ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশের পরিকল্পনা ছিল এনটিআরসিএর। কিন্তু আইনি জটিলতায় তা সম্ভব হয়নি।

বিশেষ গণবিজ্ঞপ্তি অনুসারে ১৫ হাজার ১৬৩ শিক্ষক পদে আবেদন নেয়া হয়েছিলো। এ গণবিজ্ঞপ্তির ১৫ হাজারের বেশি পদে ৮ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন নেয়া হয়। এরমধ্যে এমপিও পদ ছিলো ১২ হাজার ৮০৭টি ও ননএমপিও পদ ছিলো ২ হাজার ৩৫৬টি। এসব পদে ৩ লাখ ৪৩ হাজার ৪০৭টি আবেদন পাওয়া গেছে। এ নিয়োগের সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন এনটিআরসিএর কর্মকর্তারা।

অপরদিকে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যোগদান না করা ৭ হাজারের বেশি পদে প্রার্থীদের দ্বিতীয় ধাপের সুপারিশ করা হবে। এরমধ্যে ৪ হাজারের বেশি পদের যোগদানে প্রার্থীরা ভিরোল ফরম পাঠাননি। আর তিন হাজার তিনশ পদে প্রার্থীরা ভি-রোল ফরম পাঠালেও যোগদান করেনি। এসব পদে আবেদন করা মেধাতালিকায় পরবর্তী অবস্থানে থাকা প্রার্থীরা নিয়োগ সুপারিশ পাবেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ