‘নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি’

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮, ১০:৪৪ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

আসন্ন সংসদ নির্বাচনের জন্য জাতীয় পার্টি সম্পূর্ণ প্রস্তুত এবং ৩০০ আসনেই প্রার্থী দিবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। শনিবার সকালে, রাজধানীর বনানীতে ডিজিটাল পদ্ধতিতে দলের নির্বাচনি প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, ‘বিএনপি যদি নির্বাচন করে তাহলে আওয়ামী লীগের সঙ্গে থেকে জোটগতভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি। আর যদি বিএনপি না আসে তাহলে ৩০০ আসনে দলীয় প্রার্থী দেয়া হবে।

প্রার্থী মনোনয়ন বিষয়ে এরশাদ বলেন, অল্পদিনের মধ্যেই মনোনয়ন বোর্ড গঠন করা হবে। এ সময় প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে আমাদের যে সংশয় ছিল, তা এখন আর নেই। যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করেছিল, তারা ব্যর্থ হয়েছে। এখন মাঠে আওয়ামী লীগ, জাতীয় পার্টি আর বিএনপি রয়েছে।’

জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণা সম্পর্কে তিনি বলেন, ‘ডিজিটাল পদ্ধতিতে প্রতিদিন সাড়ে চার কোটি মানুষের কাছে জাতীয় পার্টির কর্মকাণ্ড তুলে ধরা হবে। গুগলে একটি প্ল্যাটফর্ম থাকবে যেখানে ক্লিক করলে জাতীয় পার্টির উন্নয়নের চিত্র ভেসে উঠবে। ৪০ জন আইটি বিশেষজ্ঞ প্রতিদিন ৩ শিফটে ভাগ হয়ে ২৪ ঘণ্টাই ডিজিটাল প্রচারণা চালাবে।’

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ