দেয়াল ভাঙা আকাশ

সুধীর বরণ মাঝি
বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

দেয়াল ভাঙা আকাশ
                         সুধীর বরণ মাঝি

……………………………………………………………………………….

তুমিও মানুষ, আমিও মানুষ—
তবু কেন আমাদের মাঝে
এতো দীর্ঘ দূরত্ব,
এতো অনতিক্রম্য  ব্যবধান?

তোমার চোখে বাজারের হিসাব,
মুনাফার রেখাচিত্র ,
শোষণ ও লুটতরাজের সুপরিকল্পিত নকশা—
যেখানে ধর্মান্ধতার মুখোশে
সহিংসতা পায় বৈধতার ভাষা।

আমি খুঁজি মানুষকে মানুষ হিসেবে—
আছে যেথায়
একচিলতে দায়, মানবতার উষ্ণ স্পর্শ
রক্ত-মাংসের গভীরে লুকিয়ে থাকা,
সহমর্মিতার আলো।

তুমিও মানুষ, আমিও মানুষ—
তোমার হাতে শিকল, আর আমার হাতে স্বপ্ন।
তুমি নির্মাণ কর দেয়াল
জাত, ধর্ম, বর্ণ ও ক্ষমতার কঠিন ইটে।
আমি স্বপ্ন দেখি দেয়ালভাঙা পৃথিবীর,
যেখানে সাম্যের গান, এক আকাশের নিচে।

তুমি ইতিহাস লেখ শক্তের  কালি  দিয়ে,
আমি লিখি প্রতিবাদ—
রক্ত, ঘাম আর অশ্রুতে।
ইতিহাস জানে—
মানুষের  বিরুদ্ধে মানুষ নয়,
ব্যবস্থার  বিরুদ্ধে মানুষই ।
আমি তখন মানুষ হয়ে কথা বলি,
আর তুমি সুবিধার কোলাহলে
শোনো না সেই স্বর।

শেষ পর্যন্ত  মানুষই প্রশ্ন করে,
মানুষই বদলায়,
মানুষই টিকে থাকে।
মানুষই,মানবতাই।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ