সম্প্রতি রাজধানীতে মো. সোহাগ (৪৩) নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ক্যাম্পাসের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবীর সৌরভ, তানভীর মাহমুদ মন্ডল ও গোলাম রব্বানীসহ অর্ধশতাধিক শিক্ষার্থী মিছিলে অংশ নেন। মিছিলে ‘চাঁদাবাজদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আমার সোনার বাংলায়, চাঁদাবাজদের ঠাঁই নাই’, ‘এই বাংলায় হবে না—সন্ত্রাসীদের ঠিকানা’—সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা
মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর এলাকায় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি দেশব্যাপী জনমানুষের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
বিক্ষোভকারীরা শিক্ষার্থীরা বলেন, রাজধানীতে একজন ব্যবসায়ীকে নৃশংসভাবে পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এসব অপরাধীদের যথোপযুক্ত শাস্তি না হলে ভবিষ্যতে এই ধরনের বর্বরতা থামানো সম্ভব হবে না। আমরা দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা চাই। দেশের প্রতিটি মানুষ যেন নিরাপদে বাঁচতে পারে ও ব্যবসা-বাণিজ্য করতে পারে, সে জন্য সরকার ও প্রশাসনকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহবান জানান তারা।
প্রসঙ্গত, গত ৯ই জুলাই সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী সোহাগ নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ইতোমধ্যে পুলিশ যুবদল নেতা মঈনসহ দুজনকে আটক করেছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।
You must be logged in to post a comment.