গাজা ইসরাইলি হামলা: এখন পর্যন্ত নিহত ২০ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থী

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিমতীরে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি বাহিনীর হামলায় ২০ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত এবং ৩১ হাজারেরও বেশি আহত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) এক সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় ১৯ হাজার ৯১০ জন এবং অধিকৃত পশ্চিমতীরে ১৪৮ জন শিক্ষার্থী ইসরাইলি সেনাবাহিনীর হাতে নিহত হয়েছে। এছাড়াও ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে গাজায় ৩০ হাজার ৯৭ জন এবং পশ্চিমতীরে এক হাজার ৪২ জন শিক্ষার্থী আহত হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উভয় এলাকায় এক হাজার ৩৭ জন শিক্ষক ও শিক্ষা প্রশাসনের কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন চার হাজার ৭৪০ জন, আর আটক করা হয়েছে ২২৮ জনেরও বেশি শিক্ষক ও কর্মীকে।

মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় গাজার ১৭৯টি স্কুল ও ৬৩টি বিশ্ববিদ্যালয় ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। ১১৮টি সরকারি স্কুল এবং জাতিসঙ্ঘ পরিচালিত ১০০টি স্কুল আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিসংখ্যানে আরো দেখা গেছে, ৩০টিকে স্কুল মন্ত্রণালয়ের অফিসিয়াল রেজিস্টার থেকে সম্পূর্ণরূপে বাদ দেয়া হয়েছে। যার মধ্যে শিক্ষার্থী ও শিক্ষকরাও রয়েছেন।

এদিকে, অধিকৃত পশ্চিমতীরের হেবরন ও তুবাসে দুটি স্কুল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ইসরাইলি বাহিনীর বারবার হামলার কারণে আটটি বিশ্ববিদ্যালয় ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজায় ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের সামরিক আগ্রাসনের সময়ে থেকেই পশ্চিমতীরেও তাদের হামলা তীব্র হয়েছে। সেখানে কমপক্ষে এক হাজার ৫৬ জন ফিলিস্তিনি নিহত ও প্রায় ১০ হাজার ৩০০ জন আহত হয়েছেন। এক হাজার ৬০০ শিশুসহ ২০ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ