দেশে সুশাসন, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে দলমত নির্বিশেষে জামায়াতে ইসলামীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করীম।
বুধবার (২৬ নভেম্বর) টঙ্গিবাড়ী থানার যশলং ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠক, পথসভা ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক ফজলুল করীম বলেন, ‘দেশে সুশাসনের সঙ্কট গভীরতর হচ্ছে। দুর্নীতি, ক্ষমতাসীন গোষ্ঠীর প্রভাব, বৈষম্য ও জনগণের মতামতকে উপেক্ষার কারণে সাধারণ মানুষ ন্যায্য অধিকার পাচ্ছে না। এ অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন সৎ, আদর্শিক ও মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব। জনগণের আস্থা ও অংশগ্রহণ ছাড়া উন্নত রাষ্ট্রব্যবস্থা গড়া সম্ভব নয়। ন্যায়কে ভিত্তি করে আমরা একটি জবাবদিহিমূলক সমাজ গড়তে চাই ‘
তিনি বলেন, ‘বিভাজন, সঙ্ঘাত ও প্রতিহিংসার রাজনীতি দেশকে পিছিয়ে দিয়েছে। তাই সময় এসেছে একত্রিত হওয়ার। জনগণের ভোট, নৈতিক শক্তি ও মূল্যবোধ—এ তিনটি ভিত্তির ওপর দাঁড়িয়েই সুশাসন ফিরিয়ে আনা সম্ভব।’
এদিকে দেশের রাজনৈতিক বাস্তবতায় জামায়াতই জনগণের অধিকার রক্ষায় ধারাবাহিকভাবে ভূমিকা রেখে আসছে বলে জানান বক্তারা।
সভায় টঙ্গিবাড়ী থানার আমির মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমির মাওলানা আব্দুর রহিম, সেক্রেটারি কাজি ইকবাল হোসেন, সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম, যশলং ইউনিয়ন সভাপতি হাবিবুল্লাহ তাহজীব ও সেক্রেটারি মো: শাকিল মোল্লাসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.