আলাল হোসাইন, দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি।।
দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার মানুষের প্রাণের দাবী তালোড়া রেলস্টেশনে রংপুর ও লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন দুটি যাত্রা বিরতির দাবীতে গণ স্বাক্ষর গ্রহণ ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রাজুর উদ্যোগে গতকাল রোববার সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত তালোড়া বাসীসহ সর্ব সাধারণের এ গণস্বাক্ষর গ্রহণ করা হয়। পরে তালোড়া স্টেশন মাস্টার মারুফা শারমিন এর হাতে গণস্বাক্ষর সম্বলিত এ স্মারক লিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তালোড়া পৌর আ’লীগের সহ সভাপতি আব্দুল হাই খন্দকার, পৌর কাউন্সিলর এমরান আলী রিপু, নওগাঁ জেলা পানি উন্নয়ন বোর্ড শ্রমিক লীগের সাবেক সভাপতি রেজাউল করিম, তালোড়া পৌর আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম নজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আদম আলী, তালোড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান চৌধুরী রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম আসলাম, সাধারণ সম্পাদক শাকিল খান, তালোড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকসহ আরও অনেকে। এদিকে তালোড়ায় এক্সপ্রেস ট্রেন যাত্রা বিরতি করা হবে খবর জানতে পেরে বোনারপাড়া ও বগুড়ার রেলওয়ে পুলিশ সকালে তালোড়া রেলস্টেশনে উপস্থিত হয়।
বাংলাদেশ রেলওয়ে বোনারপাড়ার আরএমবি ইন্সপেক্টর বেনজুর রহমান জানান, কোন স্টেশনে গুরুত্ব অনুযায়ী এক্সপ্রেস ট্রেন যাত্রাবিরতি করাতে হলে নিয়ম মোতাবেক সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে।
অন্যথায় যাত্রাবিরতির নামে হঠাৎ করে ট্রেন থামানো যাবে না। তাই এই স্টেশনে যেন কোন বিশৃঙ্খলা না হয় সেজন্য নিরাপত্তা প্রদানের লক্ষে এখানে এসেছি।
You must be logged in to post a comment.