পাকিস্তান এ পর্যন্ত মোট ৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পিটিভি জানিয়েছে, ‘৮ মে সন্ধ্যা নাগাদ পাকিস্তান ২৯টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং গত রাত থেকে এ পর্যন্ত আরো ৪৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে।’
এতে আরো বলা হয়েছে, পাকিস্তান ভারতীয় আগ্রাসনের ‘যথাযথ জবাব’ দিচ্ছে।
এদিকে পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম ডন তাদের প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, গতকালের ভারতীয় ড্রোন হামলার লক্ষ্য ছিল পাকিস্তানের অভ্যন্তরে অবস্থান শনাক্ত করা।
তিনি বলেন, ‘এ কারণেই ড্রোনগুলোকে আটকানো হয়নি যাতে আমাদের অবস্থান ফাঁস না হয়। যখন ড্রোনগুলো নিরাপদ সীমায় ছিল, আমরা তাদের গুলি করে ভূপাতিত করেছি।’
খাজা আসিফ বলেন, ‘পরিস্থিতি সম্পর্কে সংসদকে অবহিত করা হয়েছে এবং এটি অব্যাহত থাকবে। আমাদের সশস্ত্র বাহিনী ভারতীয় আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণরূপে নিযুক্ত রয়েছে।’
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে বর্তমান পরিস্থিতির মোকাবেলায় আমরা ২০০ শতাংশ প্রস্তুত।’
You must be logged in to post a comment.