পে স্কেল বাস্তবায়নে টাকা রেখে যাবে অন্তর্বর্তী সরকার: অর্থ উপদেষ্টা

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন

সরকারি চাকরিজীবীদের মূল বেতন দ্বিগুণ বা তারও বেশি বাড়ানোর সুপারিশ পরীক্ষা ও বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার একটি কমিটি গঠন করে দেবে এবং পর্যায়ক্রমে বাজেটে অর্থ বরাদ্দের ব্যবস্থা করে যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। নবম পে স্কেলের সুপারিশ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপের কথা তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, পে-কমিশন নিয়ে আপনাদের অনেক প্রশ্ন। একটা ভালো ইস্যু, বলছি যে পে-কমিশনটা আমরা এক্সামিন করার জন্য একটা কমিটি করে দিয়ে যাব। বাজেট যে ফেজওয়াইজ করবে সেটাও আমরা করে যাব। দিয়ে যাব টাকা পয়সা, তারপর বলে যাব রিকমেন্ডেশন। রিকমেন্ডেশন রিপোর্ট অত্যন্ত ভালো রিপোর্ট হয়েছে। আশা করি এটা সফল হবে।

সরকার কেন এখনই গেজেট প্রকাশ করছে না-এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, গেজেট করা সোজা নাকি? গেজেট করতে হলে তো ইমপ্লিমেন্টেশনে বলতে হবে, কোনটা কত দেব। মোট কথা আমরা এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য একটা কমিটি করে দিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, নবম জাতীয় বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন বর্তমান ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করেছে। কমিশন বর্তমানের মতোই ২০টি বেতন স্কেল ধরে রেখেছে। গত ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, এসব সুপারিশ বাস্তবায়নে প্রায় এক লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে।

বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় এক লাখ ৩১ হাজার কোটি টাকা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ